শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের বা পুরুষের মাথা ও হাত-পাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকা সংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় জোয়ারের পানির স্রোতে পদ্মা নদীতে একটি বস্তুর মতো অংশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখা যায় এটি একটি মানুষের দেহাংশ। বিষয়টি বুঝতে পেরে তারা অবিলম্বে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জখমপ্রাপ্ত খণ্ডিত শরীরটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহটি ছিল কেবল একটি অর্ধগলিত শরীরের ধড়। সেখানে মাথা, দুই হাত কিংবা দুই পা ছিল না। দেহাংশের চরম বিকৃতির কারণে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, স্থানীয়দের খবরে দেহাংশের টুকরোটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি কোনো হত্যাকাণ্ড কি না এবং নিহতের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।