রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চললেও কেন্দ্রটির নিজস্ব পরিচালনার জন্যই ১২০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশের প্রচলিত জাতীয় গ্রিডের সঙ্গে নিউক্লিয়ার গ্রিডের সমন্বয় বা ‘সিনক্রোনাইজেশন’ পুরোপুরি প্রস্তুত না হলে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।
নিরাপত্তাজনিত সব পরীক্ষা শেষে গত ১১ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে সফলভাবে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়। এরপর অক্টোবরের শেষে পরমাণুশক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শুরু হয় আনুষ্ঠানিক পাওয়ার স্টার্ট-আপ বা পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। এই প্রক্রিয়া সফল হলে চুল্লিপাত্রে শক্তি উৎপাদন ধাপে ধাপে ৩ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে, যার মাধ্যমে প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সব কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে এবং গ্রিড ব্যবস্থা প্রস্তুত থাকলে আগামী ২০ নভেম্বরের মধ্যে এই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহ করা সম্ভব হবে।
তবে গ্রিড প্রস্তুতির বিষয়টি নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত নন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, “গ্রিডটা সম্পর্কে আমরা এখনও নিশ্চিত না। কারণ দিস ওয়ান ইজ দ্য নিউক্লিয়ার গ্রিড। আমাদের যে গ্রিড আছে, যার সঙ্গে হুক আপ হবে, সেটা কনভেনশনাল গ্রিড। কনভেনশনাল গ্রিডের সঙ্গে নিউক্লিয়ার গ্রিড যখন হুক আপ করতে হবে, এখানে মিস ম্যাচ হতে পারে। আর কোনো কিছু কিন্তু খুব একটা সুবিধা হচ্ছে না।”
পরমাণু বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রটি থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হলেও প্ল্যান্টের নিজস্ব কার্যক্রম সচল রাখতেই ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ খরচ হয়ে যাবে। ফলে জাতীয় গ্রিডে প্রকৃত অর্থে কী পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, “১২০ মেগাওয়াট তার বিদ্যুৎ লাগবেই এই পুরো প্লান্ট সিস্টেম অফিসসহ। বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর গ্রিডের সঙ্গে টারবাইন জেনারেটর গ্রিড, একত্রে তিনটা জিনিসকে সিনক্রোনাইজেশন। এসব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন না হয়, তাহলে বিদ্যুৎ কখনও জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব না। এই গ্রিড যেহেতু আমাদের দেশে সবচেয়ে ভঙ্গুর অবস্থা, তো এই গ্রিডে স্ট্যাবেলিটিটা যদি সঠিক না হয়, তাতে কিন্তু প্রায় সময়ই গ্রিডের বিপর্যয় হতে পানে।”
উল্লেখ্য, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ব্যাহত হওয়ায় ২০২৩ সালের নির্ধারিত সময়ে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।



মন্তব্য করুন