জাতীয় সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক ও হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার সংসদের কার্যক্রমে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে এবং অপরাধের পরিসংখ্যানও কমেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবরের তুলনায় ২০২৬ সালের একই সময়ে খুনের ঘটনা কমেছে বলে জানান তিনি। তবে তার এই বক্তব্যে বিরোধীদের প্রতি ইঙ্গিত রয়েছে এমন অভিযোগ তোলে বিরোধী দল। ফ্লোর নিয়ে এর তীব্র প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করে সরকারের সমালোচনা করেন।

অন্যদিকে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রীর কাছে সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তোলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ঠাকুরগাঁওয়ে ডিলার নিয়োগে ক্ষমতাসীন দলের আত্মীয়স্বজনদের প্রাধান্য পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

জবাবে কৃষিমন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির মাধ্যমে আবেদন আহ্বানের নিয়মের কথা জানালে বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। ডিলার নিয়োগ নিয়ে ‘উৎসব হয়েছে’ মর্মে মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে সংসদ কক্ষে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। হট্টগোল ও শোরগোলের মধ্যেই কৃষিমন্ত্রী তার বক্তব্য চালিয়ে যান।