সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের সম্পূর্ণ অর্থায়নে কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নিতে পাঁচ দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা। সরকারি কোনো আর্থিক সংশ্লেষ ছাড়াই আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা নিকটতম সম্ভাব্য তারিখ থেকে ভ্রমণ ও ট্রানজিট সময় বাদে পাঁচ দিন তারা দেশটিতে অবস্থান করবেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই অনুমোদনের তথ্য নিশ্চিত করা হয়েছে। সফরকারী দলের সদস্যরা হলেন—মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।
আদেশের শর্তানুযায়ী, ভ্রমণ ও ট্রানজিটসহ পুরো সময়কাল কর্মকর্তাদের সরকারি দায়িত্ব হিসেবে বিবেচিত হবে এবং অনুমোদিত মেয়াদের অতিরিক্ত অবস্থানের কোনো সুযোগ থাকবে না। এ ছাড়া দেশে ফেরার ১৫ দিনের মধ্যে সফর সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি প্রতিবেদন দাখিল করতে হবে তাদের।
এ প্রসঙ্গে আদেশে স্বাক্ষরকারী উপ-সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ীই এই আদেশ জারি করা হয়েছে; তবে এর বেশি কোনো মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।



মন্তব্য করুন