বুধবার রাত ১২টা ১৮ মিনিটে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগে রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই এক ফেসবুক পোস্টে বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ তোলেন নুসরাত তাবাসসুম। হামলাকারীদের পরিচয় জানা নেই উল্লেখ করে পোস্টে তিনি লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’ এদিকে এই হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করেছে এনসিপি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের তথ্যমতে, অগ্নিকাণ্ডে বাড়ির একটি টিনশেড ঘরের পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নুসরাত তাবাসসুমের দাদার নির্মিত ওই টিনশেড ঘরটিতে কেউ বসবাস করতেন না; সেটি মূলত গবাদিপশু পালন ও পশুখাদ্য সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। সেখান থেকে আনুমানিক ২০ মিটার দূরত্বে অবস্থিত একটি তিনতলা ভবনে সংসদ সদস্যের মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন।
পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ এবং এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করার বিষয়ে ওসি খালেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা সম্পৃক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে।



মন্তব্য করুন