কক্সবাজারের টেকনাফের একসময়ের শান্ত ও সবুজ পাহাড় এখন সশস্ত্র মানব পাচারকারী ও অপহরণকারী চক্রের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। অপরাধীদের এমন দৌরাত্ম্যে পাহাড়সংলগ্ন এলাকার কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের জীবনযাত্রা চরম নিরাপত্তাহীনতায় পড়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, একসময় পাহাড়ি এই জনপদে কৃষিকাজ বা কাঠ সংগ্রহের জন্য মানুষ নির্ভয়ে যাতায়াত করতেন। কিন্তু দিন যতই গড়িয়েছে, ততই পাল্টে গেছে সেই চিত্র। বর্তমানে পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সশস্ত্র অপরাধীদের শক্ত ঘাঁটি। পাহাড়ে কাজ করতে গিয়ে কিংবা ঘুরতে গিয়ে অসংখ্য মানুষ নিয়মিত অপহরণের শিকার হচ্ছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এসব চক্রের হাতে জিম্মি হওয়ার পর মোটা অঙ্কের মুক্তিপণ দিয়েও অনেকে অক্ষত অবস্থায় ফিরতে পারছেন না। মুক্তিপণ আদায়ের পরও কাউকে কাউকে নির্মমভাবে হত্যার শিকার হতে হচ্ছে। সম্প্রতি বাহারছড়ায় সুপারি বাগান পাহারা দেওয়ার সময় মো. রফিক নামের এক ব্যক্তিকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা জনমনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

এসব অপরাধ দমনে গত ৫ নভেম্বর টেকনাফের রঙিখালী পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের জিম্মি থেকে মুক্ত করতে যৌথ অভিযানে যান সেনাসদস্যরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন। এই মর্মান্তিক ঘটনার পর পাহাড়জুড়ে যৌথ বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

স্থানীয় শিক্ষক মাস্টার জাকারিয়া বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। এই অভিযান অব্যাহত থাকলে জনপদটি আবারও আগের মতো শান্ত ও নিরাপদ হয়ে উঠবে বলে আশা করছেন তারা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড়ে মানব পাচার, অপহরণ, ডাকাতি ও মাদক কারবার রোধে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন সশস্ত্র সদস্যকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন মানব পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড চলবে, ততদিন এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।