ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। রোববার সকালে সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে সকাল ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার গাজীপুরে বিভিন্ন কারণে মালিকপক্ষ ছয়টি কারখানা বন্ধ রাখলেও বাকি কারখানাগুলোতে সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম চলছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, আনসার এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। এর আগে শনিবারও শ্রমিক বিক্ষোভের মুখে চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকার ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল।



মন্তব্য করুন