মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের বাধার মুখে পড়লে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এতে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে; তবে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।