কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে চিংড়ি খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খাওয়ার পর ইব্রাহিমের হঠাৎ অস্থিরতা ও শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাঁকে দ্রুত দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা জানান যে আগে থেকেই তীব্র অ্যালার্জিজনিত শকের (অ্যানাফাইল্যাক্টিক শক) সমস্যা ছিল ইব্রাহিমের। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে তাঁকে টেকনাফে পাঠানো হয় এবং সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. শিয়াম জানান, তিন বন্ধু মিলে বেড়াতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হবে তা তাঁরা কল্পনা করেননি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী এ ঘটনায় শোক প্রকাশ করে খোঁজখবর নেওয়ার কথা জানিয়েছেন।



মন্তব্য করুন