দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ার পাশাপাশি ঘন কুয়াশা দেখা দিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ছয়টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; এ নিয়ে টানা পাঁচ দিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, তেঁতুলিয়ায় এর আগে শুক্রবার সর্বনিম্ন ১৪ দশমিক ৭ ডিগ্রি, বৃহস্পতিবার ১৪ দশমিক ১ ডিগ্রি, বুধবার ১৩ দশমিক ৫ ডিগ্রি এবং মঙ্গলবার ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে এবং আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।