ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসে থাকা এক যাত্রী জানান, মেঘলা পরিবহনের বাসটি প্রায় ১৬ জন যাত্রী নিয়ে গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। পথে দুই যুবক বাসে উঠে পেছনের দিকে যান এবং এর দুই থেকে তিন মিনিটের মধ্যেই বাসের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। এ সময় আতঙ্কিত হয়ে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান এবং ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের একেবারে পেছনের বাম পাশের কোণার একটি আসনে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।