“গাছই জীবন তাতেই ভূবন, তাই করো সবে বৃক্ষরোপন” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সড়কের পাশে ৩০০ টি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছেন উপজেলার সখিপুর থানার এসএসসি ব্যাচ- ২০১৪ এর শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টায় সখিপুরের আবেদুর রেজা খান সড়কের সগির শেখের ব্রিজ হতে ডাক বাংলোর রাস্তা পর্যন্ত ৩০০ টি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে এসএসসি ব্যাচ- ২০১৪ এর সদস্য আরিফ সরদার জানান, কৃষ্ণচূড়ার মায়াবী রূপ লাল গালিচা বিছিয়ে রাখবে আপনাকে স্বাগত জানানোর জন্য। অলস দুপুরে ঝিমিয়ে পড়া জনজীবন আর এ তপ্ত দুপুরটাও ভালো লাগতে শুরু করে যখন প্রকৃতির মধ্যে কৃষ্ণচূড়া গাছ জুড়ে থাকে ফুল। মূলত এসব চিন্তা থেকেই দুই কিলোমিটার সড়কের পাশে লাগানো হয়েছে ৩০০ টি কৃষ্ণচূড়া গাছ।
তিনি আরও বলেন, আমাদের এ কাজের মূল উদ্যোক্তা হচ্ছেন সাইফ ইমতিহান। পরে আমরা ৬১ জন মিলে নিজেদের অর্থায়নে চারাগুলো কিনেছি। ভেদরগঞ্জ উপজেলার ইউএনও তানভীর আল নাসীফ মহোদয় ও সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার আমাদের এই কাজে অনুপ্রাণিত করেছেন।
এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা ইউএনও তানভীর আল নাসীফ বলেন, সখিপুর থানায় এসএসসি ব্যাচ-২০১৪ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে সখিপুর ডাকবাংলো সড়কে ৩০০ টি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ হতে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা।
এ সময় বৃক্ষ রোপণে অংশ নেন সখিপুর থানা আ. লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন শিকদার, যুবলীগের আহ্বায়ক আব্দুল খালেক খালাসি, যুবলীগের যুগ্ম সম্পাদক পলাশ শিকদার ও ছাত্রলীগের সভাপতি সোহেল প্রমুখ।



মন্তব্য করুন