শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের সদ্য খুলে দেওয়া চরকুমারিয়া ইউনিয়নের গাজীপুর সেতু এখন নতুন পর্যটন ও বিনোদন স্পটে পরিণত হয়েছে। জয়ন্তী নদীর উপর নির্মিত দৃষ্টি নন্দন এ সেতুর প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তরুণ-তরুণী-শিশু-কিশোর-কিশোরীসহ সব বয়সী মানুষের ঢল নামে। পুরো সেতু এলাকায় ঈদের আনন্দ উৎসব বিরাজ করছিল। ঈদের হাসি আর আনন্দে অনেকেই মুঠোফোনে সেলফিতে ব্যস্ত। ধারণ করা হচ্ছে ভিডিও ও স্থির ছবি। কেউ বা লাইভ করছে। সবমিলিয়ে পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সদ্য খুলে দেওয়া গাজীপুর সেতু।

বৃহস্পতিবার ২৯ জুন পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত হলেও ঈদের পঞ্চম দিন (সোমবার) পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল সেতুটি। দুর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। সঙ্গে রয়েছে স্থানীয়দের পদচারণা। তারা ভিড় করছেন মূল সেতু ও দুপাড়ের অ্যাপ্রোচ সড়কে। আর সেতুটি কে ঘিরে দুই পাশে রয়েছে ফুচকা, চটপটি, চানাচুর ইত্যাদি ভাসমান খাবারের দোকান।

জানাগেছে, দীর্ঘ ১যুগ বেহাল দশা থাকার পর পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি’র প্রচেষ্টায় সড়কটি চার লেনে উন্নিতকরণ কাজ চলমান আছে। সে ধারাবাহিকতায় সড়কটিতে দৃষ্টিনন্দন ৪টি কংক্রিটের সেতু নির্মান করা হয়েছে। বৈশ্বিক সংকট ও অর্থনৈতিক মন্দায় কাজ কিছুটা ধীরগতিতে চলমান থাকায় চারলেনের কাজের পাশাপাশি সংস্কার কাজও শুরু হয়েছে।

দর্শনার্থীরা জানান, ভেদরগঞ্জ উপজেলায় সরকারী কিংবা বেসকারীভাবে আজ অবধি কোন পর্যটন কেন্দ্র গড়ে উঠেনি। অবকাশ কালিন সময় কাটানো কিংবা বিনোদনের জন্য গাজীপুর সেতুই যেন দর্শানার্থীদের দৃষ্টি কাড়ছে।

সেতুতে ঘুরতে আসা আনোয়ার হোসেন জানালেন, ঈদ উদযাপন করতে আমরা কয়েকজন বন্ধু এখানে ঘুরতে এসেছি। ভালোই লাগছে। তবে আরো ভালো লাগতো যদি সেতু আসে পাশে যদি পর্যটনকেন্দ্র গড়ে উঠতো।

তাঁর সঙ্গে থাকা নাঈম জানান, ভেদরগঞ্জে কোনধরণের পর্যটন কেন্দ্র না থাকায় গাজীপুর সেতুটি যেন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে।

দর্শনার্থী তারেক আজিজ জানালেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই উৎসবে শামিল হতে পরিবার পরিজন নিয়ে বেরাতে এসেছি। সখিপুরের মানুষ বিনোদনমুখী। কিন্তু সরকারী বা বেসরকারীভাবে কোন পর্যটন কেন্দ্র নির্মিত হয়নি। গাজীপুর সেতু দর্শানার্থীর আকৃষ্ট করছে। ঈদের আমেজে মানুষের ঢল নেমেছে।

চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা জানান, গাজীপুর সেতু বিনোদনের যেন একমাত্র ভরসা উঠে উঠেছে। সেতু নির্মাণের পর থেকেই অবকাশ কালিন সময় কাটাতে ভেদরগঞ্জসহ আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের ভীড় হচ্ছে। তবে ঈদের উৎসবে সেতু এলাকায় যেন তিল ধারণের ঠাঁই নেই।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর সেতু মানুষের ঢল নেমেছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ টহল দিচ্ছে সেতু এলাকায়।