শরীয়তপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন একটি পার্কের ডিজিটাল স্ক্রিনে একটি বিতর্কিত বার্তা প্রদর্শিত হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্ক্রিনে ‘শেখ এর বেটি আসবেই, জয় বাংলা, জয় শেখ হাসিনা’ লেখাটি দেখা গেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওটিতে দেখা যায়, শরীয়তপুর শিল্পকলা অ্যাকাডেমির পাশে অবস্থিত শিশুপার্কের প্রবেশপথের ডিজিটাল স্ক্রিনে বার্তাটি প্রদর্শিত হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘শরীয়তপুর শিল্পকলা শিশুপার্কের সামনে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ ১৯ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে হাজার হাজার ভিউ এবং শেয়ার হয়েছে।

এ ঘটনায় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন জানান, পার্কটি জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকায় ঘটনাটি নজরে আসার পরই ডিজিটাল ডিভাইসটি জব্দ করা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এ বিষয়ে বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগামীকালের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এছাড়া, পার্কের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসনের পদক্ষেপ নেওয়াকে জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এমন বার্তা প্রদর্শিত হলো, তা নিয়ে তদন্ত চলছে।

শরীয়তপুর পার্কটি মূলত শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। পার্কের প্রবেশপথে ডিজিটাল স্ক্রিনটি সাধারণত বিভিন্ন তথ্য ও নির্দেশনা প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। তবে এবার এমন একটি বার্তা প্রদর্শিত হওয়ায় প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box