শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর প্রবেশপথ নাওডোবা গোলচত্বর এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন এবং বিএনপির সমাবেশের প্যান্ডেল, দুটি মার্কেট ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে নাওডোবার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। পরে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন তাঁরা।

এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি বিএনপির একটি সমাবেশের জন্য তৈরি প্যান্ডেল, দুটি মার্কেট ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সড়ক অবরোধের ফলে পদ্মা সেতু ব্যবহারকারী যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েন। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সকাল পৌনে ৮টার দিকে বিক্ষোভকারীরা সরে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সপ্রেসওয়ের নিয়ন্ত্রণ নেয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান জানান, বিক্ষোভকারীরা সড়ক অবরোধের পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। প্রাণহানি এড়াতে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে।

তিনি আরও জানান, বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।