রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিংমলে পূরবী জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি সোনা, রুপা ও হীরার গহনা এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে কয়েকজন নিরাপত্তাকর্মীকে মোরগ পোলাওয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করা হয়েছিল।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দোকান মালিক প্রাথমিকভাবে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি গহনা চুরির কথা জানিয়েছেন; এ ঘটনায় শপিংমলের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন এবং সম্পৃক্ততার সন্দেহে আরও চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে এবং নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহায়তা করার পর সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য করুন