রাজধানীর মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ এলাকায় চলাচলরত ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮ নিবন্ধন নম্বরের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।