দেশে আর সহিংসতার রাজনীতি চলবে না এবং অতীতে যারা অন্যায় ও জুলুম করেছে, তারা আবারও সহিংসতার পথ বেছে নিলে দেশের ১৮ কোটি মানুষ তা প্রতিরোধ করবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর কাছে জাজিরা উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান কিরন বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তাঁরা কাজ করে যাচ্ছেন এবং এ দেশে সহিংসতার কোনো সুযোগ নেই। অতীতের অন্যায় ও অত্যাচারের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি দেশের মানুষ ইতিমধ্যে বয়কট করেছে; রাজনীতি করতে হলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে।
বিক্ষোভ মিছিলে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন অপু, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন