টাঙ্গাইলের গোপালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সুবর্ণা (২৫) নামে এক গৃহবধূ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে মধুপুর সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এই তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ রয়েছেন।

তিন নবজাতকের বাবা লিটন মিয়া (৩০) গোপালপুর উপজেলার বরুরিয়া এলাকার বাসিন্দা এবং মা সুবর্ণার বাবার বাড়ি মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান লিটন মিয়া।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার ও চিকিৎসাসেবায় দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী এবং ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা। একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্মের খবরে বরুরিয়া ও মাগুন্তিনগরসহ দুই পরিবারের স্বজনদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।