শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রস্তাবিত সেতু নির্মাণের উদ্যোগ এগিয়ে নিতে পরামর্শক নিয়োগের চুক্তি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ প্রকল্পে পরামর্শক সেবা দেবে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী আবুল হোসেন এবং আইআইএফসির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেন। তিনি জানান, বাংলাদেশ-জাপান অষ্টম প্ল্যাটফর্ম সভার সিদ্ধান্ত অনুযায়ী জাপান সরকারের মনোনীত প্রতিষ্ঠান মিয়াগাওয়া-কেনসেতসু ও জাপান ব্রিজ কোম্পানি পিপিপি মডেলে সেতুটি নির্মাণ করবে।
আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবা কার্যক্রম শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইআইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন