সীমান্ত দিয়ে নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্যের অনুপ্রবেশ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং গুজব প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় বিজিবির নিরাপত্তাব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের নাশকতামূলক সরঞ্জাম দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে এবং তল্লাশি কার্যক্রম জোরদার করতে নারকোটিকস ডগও ব্যবহার করা হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও নানা ধরনের গুজব ছড়ানোর বিষয়টি বিজিবির নজরে রয়েছে উল্লেখ করে তিনি জানান, কেউ নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছেন বলে জানান এই কর্মকর্তা। পরিদর্শনকালে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন