গোপালগঞ্জে আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের রেফার্ড পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন। তিনি বলেন, ‘২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে, জানি না কতজন পাস করবে। তার মধ্যে আবার সমস্যা রয়েছে। গোপালগঞ্জ জেলায় পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় দিনাতিপাত পার করছি। তারপরও পরীক্ষা নিচ্ছি আমরা।’
শিক্ষার্থীরা যেন ফেল করে বছর পর বছর বসে না থাকে এবং মাদক বা মোবাইলে আসক্ত না হয়, সে জন্যই রেফার্ড পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ড. এহছানুল হক মিলন। ইতিমধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৪২ হাজার খাতার গ্রেড পরিবর্তন হয়েছে এবং এইচএসসির ফলেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তিনি প্রশ্ন রাখেন, ‘এসএসসি পরীক্ষায় আমরা খাতা নিয়ে পরীক্ষা করেছি। ৪২ হাজার খাতার গ্রেড চেঞ্জ হয়েছে। কারা এই খাতা দেখেছিল? আমাদের শিক্ষকরাই তো দেখেছিল। পুনর্নিরীক্ষণের ফলে যদি এত গ্রেড পরিবর্তন হয়, তাহলে শিক্ষকদের এই জায়গাটিতে দৃষ্টি দিতে হবে না?’
বিগত সময়ে অপরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনার্স কোর্স খোলার সমালোচনা করে তিনি বলেন, কোথাও শিক্ষক আছে তো ছাত্র নেই, আবার কোথাও ছাত্র আছে তো শিক্ষক নেই। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের ভবন ভেঙে পড়ার পরও খোঁজ নেওয়ার লোক নেই বলে তিনি মন্তব্য করেন।
অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট না হতে দেওয়ার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কথা বলেন। এ ছাড়া সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তার সঙ্গে সুর মিলিয়ে বলছি, দায়িত্ব আমাকে দিয়েছেন। আমরা আপনাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব এবং প্রতিটি দাবি অক্ষরে অরে পালন করব।’



মন্তব্য করুন