রাজধানী ঢাকায় এক রাতে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে মিরপুরের দুটি স্থানে এবং দৈনিক বাংলা মোড়ে এসব ঘটনা ঘটে। প্রথম ঘটনায় একটি বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীতে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম জানান, ওই ঘটনায় কেউ হতাহত হননি। বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছেন। অগ্নিকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

একই রাতে মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এরপর রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং রাত ১২টার দিকে আগুন নির্বাপণ করে।

মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এবং ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ও রাফি আল ফারুক তিন বাসে আগুনের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।