কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার এই অবরোধে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রামের ট্রেনিং সেন্টার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চৌদ্দগ্রাম বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পাশাপাশি কিছু গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন চালকেরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। পরে অবরোধকারীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। রাত পৌনে ১২টা পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়া চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে মিছিল বের করে মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং তাঁদের ধাওয়া করেন। পরে অবরোধকারীরা সেখান থেকে পালিয়ে যান।
উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।



মন্তব্য করুন