বাগেরহাটের মোল্লাহাট উপজেলা টোল প্লাজাসংলগ্ন সেতু এলাকায় শনিবার রাতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় সমাবেশ শেষে সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আসেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মোল্লাহাট সেতুর বাগেরহাট প্রান্তে অবস্থান নিয়েছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে সেতুর গোপালগঞ্জ প্রান্তে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে দুই পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। বাগেরহাট জেলার পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ সরে গিয়েছে। পুলিশ মোতায়ন করা রয়েছে।’