ডিসেম্বরের শুরুতে সারা দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। আগামী পাঁচ দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
পূর্বাভাস অনুযায়ী, রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ দুই দিনে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
তবে বুধবার ও বৃহস্পতিবার (২ ও ৩ ডিসেম্বর) তাপমাত্রা কমার প্রবণতা আরও স্পষ্ট হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের অনুভূতি বাড়তে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনার কথা বলা হয়েছে।



মন্তব্য করুন