কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে শরীয়তপুর থেকে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহনও চলাচল করছে। তবে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকায় যানবাহন চলাচলের এমন চিত্র দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ তালুকদার রোববার বেলা সাড়ে ১১টার দিকে জানান, পদ্মা সেতু এলাকায় সংঘাতের কারণে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত শরীয়তপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সকাল ৮টা থেকে আবার বাস চলাচল শুরু হয়।
তিনি আরও জানান, ওই সময় পর্যন্ত ২৫টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।



মন্তব্য করুন