গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। বেলা ১১টার দিকে তাঁরা দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান।

হামলার সময় ব্যাংকের থাই গ্লাস, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভাড়া নেওয়া ভবনে গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যক্রম চলছিল। এ বিষয়ে বক্তব্য জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।