পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক তাঁকে ফেলে পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সেতুর মাওয়া প্রান্তে ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে ছিলেন। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

নিহতের পরিচয় শনাক্তে কারও কাছে কোনো তথ্য থাকলে পদ্মা সেতু উত্তর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসি।