নাটোরে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ ও স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টাসহ নাশকতার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অন্তত দুই কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার জেলা পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নাটোর-পাবনা মহাসড়কে কয়েকটি চলন্ত ট্রাক লক্ষ্য করে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা এবং এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। একই রাতে নাটোরের বঙ্গজ্বল এলাকায় স্বনির্ভর সংস্থার ভেতরে একটি দেয়ালে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবে এসব ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ছাড়া শনিবার রাতে বাগাতিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এর আগে গতকাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুমের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টার অভিযোগ ওঠার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার বিষয়ে বক্তব্য জানতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।



মন্তব্য করুন