আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে গোপালগঞ্জে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলে বাধা এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গোপালগঞ্জের অভ্যন্তরীণ যোগাযোগের পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রোববার (২৯ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়ক এবং গোপালগঞ্জ-পিরোজপুর ও গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঢাকা, খুলনা, বরিশাল, পিরোজপুর, যশোর, বাগেরহাট ও মাদারীপুরসহ বিভিন্ন জেলার সঙ্গে গোপালগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ৭টার দিকে শহরের সাত মার্চ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। একপর্যায়ে টহল দলটি সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়।
পরে দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পুরাতন লঞ্চঘাট এলাকার দিকে যাওয়ার পথে বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে পিছু হটতে হয়।
এদিকে, সড়ক অবরোধ ও উত্তেজনার মধ্যে দুপুর ১২টার দিকে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা হয়। বিক্ষুব্ধ লোকজন শাখাটির ভেতরে ঢুকে থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।



মন্তব্য করুন