আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্যে তিনি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে টহল ও চেকপোস্ট বাড়ানোর ওপর গুরুত্ব দেন আইজিপি। তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতা দিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে যুক্ত করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ-বিদেশ থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, এসব অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি সামলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে তদন্তের মান বাড়ানোর তাগিদ দেন তিনি।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। অপমৃত্যুসহ বিভিন্ন মামলা দায়িত্বশীলতার সঙ্গে তদন্ত এবং মুলতবি গ্রেফতারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করে তামিলের হার বাড়ানোর ওপরও জোর দেন তিনি।