নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, সরকার সাংবাদিকতা সহজ ও অবাধ করতে চায়, তবে কেউ চাইলেই একটি অনলাইন পোর্টাল খুলে ফেলতে পারবেন না। নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হলেও নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করার সুযোগ থাকবে না বলে তিনি স্পষ্ট করেন।

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে এ মেলার আয়োজন করা হয়।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রশ্নই আসে না এবং তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না। আওয়ামী লীগ এখন কেবল ফেসবুকে আছে, আর কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে জাহেদ উর রহমান বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও আগুন-সন্ত্রাসে জড়িয়ে দলটি দেশে থাকা নন-পলাতক নেতাকর্মীদের বিপদে ফেলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের খুঁজছে এবং গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।