শরীয়তপুর সিভিল সার্জন অফিসে সম্প্রতি কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। মাদারীপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখতারুজ্জান এর নেতৃত্বে বুধবার সকাল ১১ টায় এ অভিযান শুরু হয়।
দুদক কর্মকর্তারা সিভিল সার্জন অফিসের বিভিন্ন ফাইল পর্যালোচনা করে প্রাথমিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় কিছু দুর্নীতির সত্যতা পেয়েছেন। জানা গেছে, সম্প্রতি ৪৭ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগ ওঠে।

এছাড়া, দুদক কর্মকর্তারা একজন বিশেষ প্রার্থীর বিষয়ে তদন্ত করছেন, যার নাম নুসরাত জাহান। তিনি স্বাস্থ্য সহকারী পদে উত্তীর্ণ হয়ে চাকুরিতে যোগদান করেছেন, তবে তিনি চাকুরির জন্য বিধি অনুযায়ী তার স্বামীর ঠিকানা ব্যবহার না করে, তার পিতার ঠিকানা ব্যবহার করেছেন, যা নিয়মের পরিপন্থী।
দুদক কর্মকর্তা আখতারুজ্জান আরও জানান, নুসরাত জাহান যেই এলাকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই একই এলাকায় আরো সাতজন প্রার্থী লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তারা মৌখিক পরীক্ষায় ফেল করেছেন। নুসরাত জাহান অবশ্য মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ বিষয়ে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।
এ অভিযানে দুর্নীতি দমন কমিশন আরও তৎপর হয়ে উঠেছে, যাতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের সুযোগ না থাকে।