অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন জনগণ, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে তুলে ধরা হবে, যাতে তারা একমত হয়ে তা গ্রহণ ও প্রয়োগ করতে পারেন।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
ড. ইউনূস বলেন, এই সংস্কার সুপারিশ শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ববাসীর জন্যও গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের নীতিনির্ধারকরা যখন সংস্কার পরিকল্পনা করবেন, তখন এই প্রতিবেদন তাদের জন্য দিকনির্দেশক হতে পারে।
সংস্কার কমিশনের সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, “আপনারা বহুজনের সঙ্গে পরামর্শ করে যে অভিজ্ঞতা ও জ্ঞান সংকলন করেছেন, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মূল্যায়ন করবে, আমরা কতটা সংস্কার বাস্তবায়ন করতে পেরেছি।”
তিনি আরও বলেন, বিচার বিভাগ ও জনপ্রশাসনের সংস্কার সরাসরি দেশের প্রতিটি নাগরিককে স্পর্শ করবে। ধনী-গরিব নির্বিশেষে সবাই এই পরিবর্তনের সুফল ভোগ করবেন।
প্রতিবেদনগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে তিনি এগুলো ইংরেজিতে অনুবাদ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর প্রতিবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।



মন্তব্য করুন