ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে ফ্যাসিবাদবিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে ছাত্র ও সাধারণ জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা সেখানে সমবেত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। একপর্যায়ে তারা বঙ্গবন্ধু ভবনের গেটে ভাঙচুর চালিয়ে ভেতরে প্রবেশ করে এবং ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশপাশে জড়ো হতে থাকে। রাত ৮টার দিকে মিছিল একত্রিত হয়ে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ‘শেখ হাসিনার বিচার চাই’, ‘ফ্যাসিবাদ নিপাত যাক’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— ইত্যাদি স্লোগান দিতে থাকে।
প্রতিবাদকারীদের দাবি, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখার সিদ্ধান্ত নেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরে বিক্ষোভের ডাক দেয়।
একপর্যায়ে তারা বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করে দরজা-জানালা ভাঙচুর করে এবং ভবনের কাচ ও ইট খুলে ফেলতে দেখা যায়। পরে ভবনে অগ্নিসংযোগ করা হয়।
ঘটনাস্থলে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। রাসেল স্কয়ার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি চলছে।
উল্লেখ্য, ধানমন্ডি ৩২ নম্বরের ১০ নম্বর বাড়িটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন, যেখানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে নিহত হন। পরবর্তীতে বাড়িটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরিত হয়। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ও শ্রদ্ধা নিবেদন এই স্থান থেকেই শুরু হয়ে আসছিল।



মন্তব্য করুন