রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দেশে চারটি প্রদেশ গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একই সঙ্গে ভারতের নয়াদিল্লির আদলে ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘রাজধানী মহানগর সরকার’ (ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট) প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে কমিশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং সরকারের বিস্তৃত কার্যপরিধির কারণে বর্তমান প্রশাসনিক কাঠামো যথেষ্ট কার্যকর নয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় মন্ত্রণালয়গুলো অতিরিক্ত দায়িত্ব পালন করছে, যা ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলেছে।

প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে, দেশের পুরাতন চারটি বিভাগের সীমানা অনুযায়ী চারটি প্রদেশ গঠন করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা হলে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ কমবে এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনের দক্ষতা বৃদ্ধি পাবে।

এছাড়া, ঢাকার অতিরিক্ত জনসংখ্যার চাপ মোকাবিলা ও সেবাখাতকে আরও কার্যকর করতে ‘রাজধানী মহানগর সরকার’ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। এতে নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার কাঠামো থাকবে, যা ঢাকাসহ টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করে একটি স্বতন্ত্র প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে উঠবে।

প্রশাসনিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে কমিশন সরকারের মন্ত্রণালয় সংখ্যা ২৫টি ও অধিদপ্তর সংখ্যা ৪৪টি করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি পৌরসভাকে আরও শক্তিশালী করা এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ বাতিলের সুপারিশ করা হয়েছে।

এই সুপারিশ বাস্তবায়িত হলে প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হবে এবং সেবা প্রদান ব্যবস্থা বিকেন্দ্রীভূত হয়ে কার্যকর প্রশাসনের পথ সুগম হবে বলে মনে করছে কমিশন।