অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় এই দায়িত্ব প্রদান করেছে।

বিশেষ সহকারী হিসেবে মনির হায়দার জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করবেন।

বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত মনির হায়দার দেশে ফিরে নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত মনির হায়দার পূর্বে দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায়যায়দিন, ইত্তেফাক ও মানবজমিন পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।