সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ১১৯ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন উপসচিব মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসব কর্মকর্তাকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির তারিখ থেকে তারা বিধি মোতাবেক সব আর্থিক সুবিধা পাবেন। বর্তমান অর্থবছরে তারা তাদের বকেয়া পাওনার ৫০ শতাংশ পাবেন এবং অবশিষ্ট ৫০ শতাংশ পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) প্রদান করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বয়সসীমা ৫৭/৫৯ বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন। অবসর-উত্তর ছুটি বা অবসর প্রস্তুতি ছুটির পর তারা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বলে বিবেচিত হবেন। এছাড়া, তাদের প্রাপ্য বকেয়া বেতন, ভাতা ও পেনশন সমন্বয়পূর্বক প্রদান করা হবে।

পূর্বে জারি করা পিআরএল/এলপিআর আদেশ বাতিল করা হয়েছে এবং বেতন নির্ধারণের সময় অবসর-উত্তর ছুটি বা অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।