উচ্চশিক্ষার সুযোগ ও চাকরির দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চে অংশ নেওয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী ও এক সাংবাদিকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নওগাঁ ম্যাটসের মেহরাব (২০), প্রাইম ম্যাটসের এরশাদুল হক (৩০), শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), ট্রমা ম্যাটসের সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল (২৩), গাজীপুর ম্যাটসের শিহাব (২০), কুষ্টিয়া ম্যাটসের আরাফাত (২১), জাহিদ হাসান (২১), টাঙ্গাইল সোহরাব উদ্দিন ম্যাটসের নাঈম (২৫) ও বাগেরহাট ম্যাটসের সায়েম (২০)। এছাড়া, আহতদের মধ্যে ব্রেকিং নিউজের স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম শিমুল (২৮) রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্চশিক্ষার সুযোগ, কমিউনিটি মেডিকেল অফিসারের শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে শাহবাগ মোড় থেকে তারা লং মার্চ শুরু করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তীতে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগিয়ে গেলে শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত ১৮ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।