আসন্ন জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদবিরোধী ও ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনি জোট গঠনের বিষয়ে আলোচনা করেছে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ। দল দুটি জাতীয় সংকট মোকাবেলায় একযোগে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছে।

মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭:৩০টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে রাত ৯টার পর সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, জাতীয় সংকট মোকাবেলায় উভয় দল একসঙ্গে কাজ করবে। তিনি জাতীয় নির্বাচন পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজনের দাবি জানান। তিনি আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে সমমনা দলগুলোর সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের ওপর জোর দেন।

সভায় জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন নূরুল হক নূর, মুখপাত্র ফারুক হাসান, আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।