দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে তার বকেয়া বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধা দিয়ে পুনরায় চাকরিতে ফিরিয়ে দিতে হবে।

বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ বুধবার (৯ জুলাই) এ রায় ঘোষণা করেন। শরীফ উদ্দিন বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি।”

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তৎকালীন দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফকে বরখাস্ত করা হয়। পরে একই বছরের ১৩ মার্চ তিনি হাইকোর্টে রিট করেন।

শরীফ উদ্দিন আলোচনায় আসেন যখন তিনি কক্সবাজারে ভূমি দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে অনুসন্ধানে অংশ নেন এবং সাহসী ভূমিকা রাখেন।