সাতটি মামলার পলাতক আসামি ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।

মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, লুঙ্গি ও স্যান্ডোগেঞ্জি পরিহিত প্রদীপ রায় মেঝেতে বসে আছেন এবং স্থানীয়রা তাকে বসে থাকার নির্দেশ দিচ্ছেন। রাত আড়াইটার দিকে জালালাবাদ থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।

জানা গেছে, প্রদীপ রায়ের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে জলমহাল দখল, সংঘর্ষ ও হত্যাসহ সাতটি মামলা রয়েছে। ২০১৭ সালের কুলঞ্জ ইউনিয়নে সংঘর্ষে তিনজন নিহত এবং ২০২১ সালের আরেক ঘটনায় একজন নিহতের মামলার অন্যতম আসামি তিনি। যদিও একটি মামলায় চার্জশিটে তাকে অব্যাহতি দেওয়া হয়।

৫ আগস্ট ২০২১ সালের পর থেকে আত্মগোপনে ছিলেন প্রদীপ রায়। সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী থাকা এই নেতা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং বিতর্কিত ভূমিকায় নানা অভিযোগে অভিযুক্ত ছিলেন।