মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে উপজেলার সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই চা শ্রমিক পরিবারের সদস্য।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রথমে একজন ট্যাংকে নেমে মোবাইল তুলতে গেলে সে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে একে একে আরও চারজন নামলে তারাও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে যান। দ্রুত তাদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন