খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে অপহরণের পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে। গতকাল রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে একদল ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ এবং ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদারের লিখিত অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অপহরণকারীদের মধ্যে ছিলেন মো. রেজা, বাবু মণ্ডলসহ মোট পাঁচজন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত বাবু মণ্ডল এর আগেও সুশান্তর কাছে চাঁদা দাবি করেছিলেন, কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

অপহরণের সময় সুশান্ত কুমারকে বেধড়ক মারধর করা হয় এবং একটি ট্রলারে করে তাকে জেলখানা ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। ঘটনার পরপরই খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারির কারণে অপহরণকারীরা চাপে পড়ে সুশান্তকে রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার একটি বিদ্যালয় মাঠে ফেলে পালিয়ে যায়। পরে তেরখাদা থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি শাখার উপ-পুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমারের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি খুলনার ৪ নম্বর ঘাটে খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানিয়েছে, অপহরণের পেছনে পূর্বের আর্থিক বিরোধ এবং ব্যক্তিগত শত্রুতা জড়িত থাকতে পারে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।