আজ সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছু সময় পর রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস দুপুর ১টা ১৮ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং তিনটি ইউনিট কাজ শুরু করে। আরও দুটি ইউনিট প্রস্তুত অবস্থায় রয়েছে।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এখনো হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইএসপিআরের পক্ষ থেকে প্রাথমিকভাবে হতাহতের আশঙ্কার কথা জানানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং সার্বিক বিষয় তদারকি করছেন। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।