রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিধ্বস্ত হয়। উড্ডয়নের পরপরই বিমানটি হোস্টেল ভবনের ছাদে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনার সময় কলেজে ক্লাস চলছিল। আগুনে দগ্ধ ও আহত অবস্থায় অনেকে দৌড়ে বের হয়ে আসেন—প্রত্যক্ষদর্শীদের মোবাইল ভিডিওতে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। সেনাবাহিনীর গাড়িতে করে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে যা জানা গেছে:

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

দগ্ধ অবস্থায় ২৬ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী।

পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এখনও নিখোঁজ।

ঘটনাস্থলে উদ্ধার ও নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং সেনাবাহিনী ও বিজিবির ২ প্লাটুন।

এ ঘটনায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছেন। অনেকে বলছেন, বাচ্চারা পোড়া শরীর নিয়ে নিজেই বের হয়ে এসেছে—এটি ছিল ভয়ঙ্কর এক অভিজ্ঞতা।