২২ জুলাই সকাল থেকেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্তদানে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তা করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসছেন রক্ত দিতে।
শিক্ষার্থী, গৃহিণী, ব্যবসায়ী থেকে শুরু করে নানা বয়স ও পেশার নারী-পুরুষের মধ্যে অনেকেই নেগেটিভ ব্লাড গ্রুপধারী, যা বর্তমানে সংকটাপন্ন রোগীদের জন্য অত্যন্ত জরুরি। রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা রক্তদাতাদের নাম ও তথ্য সংগ্রহ করছেন।
মৌলভীবাজার থেকে আসা ডেইরি ব্যবসায়ী খালেদ আহমেদ জানান, “আমার রক্তের গ্রুপ ‘ও’ নেগেটিভ। শুনলাম এই গ্রুপের বেশি প্রয়োজন, তাই দেরি না করে চলে এসেছি।” কেরানিগঞ্জের এক মাদরাসা শিক্ষার্থী সালমান বলেন, “কোনো শিশু যেন রক্তের অভাবে মারা না যায়, সে চেষ্টায় আমরা এসেছি।”
নারীরাও পিছিয়ে নেই। কেরানিগঞ্জের নজরগঞ্জ থেকে আজিজা ও তাঁর আত্মীয় রক্ত দিতে এসেছেন শিশুদের প্রাণ বাঁচানোর প্রত্যয়ে।
উল্লেখ্য, ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, রক্ত সংগ্রহের কাজ সুসংগঠিতভাবে চলমান এবং আরও দাতাদের সহযোগিতা প্রয়োজন।



মন্তব্য করুন