রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়ে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এ সময় কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরী প্রাণ বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও আগুনের মধ্যে ফিরে গিয়ে নিজের শিক্ষার্থীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি অন্তত ২০ শিক্ষার্থীকে অগ্নিকাণ্ডের মধ্যে থেকে নিরাপদে বের করে আনেন। তবে নিজে মারাত্মক দগ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।
মেহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না—তিনি ছিলেন একজন সাহসী মানবিক যোদ্ধা। তার নৈতিক শক্তি ও দায়িত্ববোধের বিরল দৃষ্টান্ত এখন দেশবাসীর হৃদয়ে গেঁথে গেছে।
তাঁর পারিবারিক পরিচয় আরও বিস্ময়কর। মেহেরীন চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ আত্মীয়; তিনি জিয়ার মামাতো ভাই এবং জিয়া পরিবারের নিকটজন মহিদুর রহমান চৌধুরীর কন্যা। রাজনৈতিক পরিচয় গোপন রেখেই তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি ব্যক্তিগতভাবে তাঁর খোঁজখবর রাখতেন—যেখানে অনেক রাজনৈতিক নেতাও পৌঁছাতে সাহস করতেন না।
আজ তিনি শুধুই একজন শিক্ষক নন—একজন শহীদ, এক মানবিক বীর। জাতি এই আত্মত্যাগ চিরকাল স্মরণ রাখবে।
আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।