চট্টগ্রামের চকবাজার থানা এলাকায় সোমবার (২১ জুলাই) মধ্যরাতে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১১টায় শুরু হওয়া এই সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। রাত ১টা পর্যন্ত উভয় পক্ষ স্লোগান দিয়ে অবস্থান নেয়।

ছাত্রশিবিরের দাবি, মহসিন কলেজের শিবির নেতা আরিফকে ছাত্রদল ও যুবদলের নেতারা মারধর করে থানায় সোপর্দ করে। এর প্রতিবাদে শিবিরের নেতাকর্মীরা তাকে ছাড়াতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। অন্যদিকে, ছাত্রদলের দাবি, ছাত্রলীগের একজনকে পুলিশে দেওয়ার ঘটনায় শিবিরের নেতারা উত্তেজনা সৃষ্টি করে।

চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, উভয় পক্ষকে শান্ত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চেষ্টা চালাচ্ছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।